সিতাই, ৪ সেপ্টেম্বরঃ রাজপথ জুড়ে কৃষ্ণনাম। কোথাও ভক্তিগীতি, কোথাও আবার ট্যাবলোয় ফুটে উঠেছে শ্রীকৃষ্ণের জীবনের নানা কাহিনি। জন্মাষ্টমী উপলক্ষে এমনই উৎসবের আবহে বর্ণাঢ্য শোভাযাত্রায় সামিল হল সিতাই।
সিতাই বিশ্ব হিন্দু পরিষদের সিতাই প্রখণ্ডের পরিচালনায় আয়োজিত এই শোভাযাত্রাকে ঘিরে সকাল থেকেই তৈরি হয় উৎসবের পরিবেশ। নানা সাজে সেজে ওঠে শোভাযাত্রার ট্যাবলো। শ্রীকৃষ্ণের জীবন ও ধর্মীয় কাহিনির বিভিন্ন দৃশ্য সেখানে তুলে ধরা হয়।
শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল কচিকাঁচারা। কেউ কৃষ্ণ, কেউ বাসুদেব, আবার কেউ সেজেছিল পৌরাণিক বিভিন্ন চরিত্রে। ছোটদের সেই সাজ দেখতে পথে ভিড় জমান স্থানীয় মানুষ। ক্যামেরাবন্দি হয় নানা মুহূর্তও।
শোভাযাত্রা যত এগিয়েছে, ততই মুখর হয়েছে চারপাশ। পথে পথে কৃষ্ণনাম সংকীর্তন, ভক্তিমূলক গান এবং ধর্মীয় আবহে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষও অংশ নেন এই শোভাযাত্রায়।
জন্মাষ্টমীর উৎসবকে ঘিরে ধর্মীয় আবেগের পাশাপাশি সাংস্কৃতিক বার্তাও উঠে আসে এদিনের আয়োজনে। ছোট-বড় সকলের অংশগ্রহণে সিতাইয়ের রাজপথ হয়ে ওঠে কার্যত উৎসবের মঞ্চ।
কৃষ্ণনামে মুখর পথ, ট্যাবলোয় পৌরাণিক কাহিনি আর কচিকাঁচাদের সাজ জন্মাষ্টমীতে সিতাই যেন এক দিনের জন্য হয়ে উঠল কৃষ্ণভক্তির শহর।





