কোচবিহার, ৪ সেপ্টেম্বরঃ পুজো এখনও বেশ কিছুটা দূরে। কিন্তু তার প্রস্তুতি শুরু হয়ে গেল রাজ আমলের রীতি মেনেই। কৃষ্ণ অষ্টমীর পবিত্র তিথিতে শুক্রবার কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবী বাড়িতে সম্পন্ন হল বিশেষ পুজো। উরু গাছকে স্তম্ভ হিসেবে পুজো করার মধ্য দিয়ে শুরু হল বড় দেবীর পুজোর আনুষ্ঠানিক প্রস্তুতি।
রাজ আমল থেকে চলে আসা প্রথা মেনেই এ দিন পুজোর আয়োজন করা হয়। স্তম্ভ পুজোর পাশাপাশি দেওয়া হয় বিশেষ নৈবেদ্য। ছিল পায়রা বলির প্রথাও। ইতিহাস, বিশ্বাস আর আচার তিনের মেলবন্ধনেই এ দিন বড় দেবী বাড়িতে তৈরি হল পুজোর আবহ।
বড় দেবীর পুজোর প্রস্তুতির সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক প্রাচীন রীতি। শ্রাবণ মাসের শুক্লা অষ্টমীতে কোচবিহারের ডাংরাই মন্দিরে ‘ময়না কাঠ’ পুজোর মাধ্যমে শুরু হয় সেই প্রক্রিয়া। তার পর হয় গৃহপুজো।
এ বারও সেই ধারাবাহিকতা মেনেই এগোবে প্রস্তুতি। আগামী রাধাষ্টমীর পবিত্র তিথিতে ময়না কাঠ নিয়ে আসা হবে বড় দেবী মন্দিরে। সেখানে হবে বিশেষ পুজো-অর্চনা। তার পরই শুরু হবে বড় দেবীর ঐতিহ্যবাহী প্রতিমা নির্মাণের কাজ।
অর্থাৎ, দুর্গোৎসবের ঢাক এখনও দূরে। কিন্তু কোচবিহারের বড় দেবী বাড়িতে রাজ আমলের সেই পুরনো ছন্দে ইতিমধ্যেই শুরু হয়ে গেল দেবীর আগমনের কাউন্টডাউন। প্রজন্ম বদলেছে, সময় বদলেছে-তবু বড় দেবীর পুজোয় আজও অটুট রাজ আমলের সেই আচার ও বিশ্বাস।





