নয়াদিল্লী, ৩ সেপ্টেম্বরঃ একটি আকাশযুদ্ধ তাঁকে রাতারাতি দেশের পরিচিত মুখ করে দিয়েছিল। পাকিস্তানের হাতে বন্দি হওয়ার পর তাঁর ফিরে আসার ছবি হয়ে উঠেছিল জাতীয় আবেগের প্রতীক। সেই গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্ধমানই এ বার ভারতীয় বায়ুসেনার পোশাক ছেড়ে নতুন পেশায় পা রাখছেন বলে খবর। বিশ্বস্ত সূত্রের দাবি, তিনি গোয়ার বেসরকারি বিমান সংস্থা ফ্লাই৯১-এ যোগ দিয়েছেন। তবে অভিনন্দনের চাকরি ছাড়ার বিষয়ে ভারতীয় বায়ুসেনা, সংশ্লিষ্ট বিমান সংস্থা বা অভিনন্দনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
২০১৯ সালের ফেব্রুয়ারি। পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। সেই অভিযানের পর পাকিস্তানের সঙ্গে আকাশপথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় বায়ুসেনা। ওই সময় একটি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি ওঠে। সেই অভিযানের পরই পাকিস্তানের হাতে বন্দি হন অভিনন্দন।
তাঁর বন্দি হওয়ার ঘটনা শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি। দ্রুত তা পরিণত হয় আন্তর্জাতিক কূটনৈতিক ইস্যুতে। কয়েক দিনের টানটান পরিস্থিতির পর ওয়াঘা-আতারি সীমান্ত দিয়ে তাঁকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। দেশে ফেরার সেই মুহূর্ত আজও বহু মানুষের স্মৃতিতে উজ্জ্বল।
অভিনন্দনের সামরিক কেরিয়ারও কম আলোচিত নয়। আকাশযুদ্ধে তাঁর দক্ষতার স্বীকৃতি হিসেবে ২০২১ সালে তাঁকে দেওয়া হয় দেশের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্বের সম্মান ‘বীর চক্র’। ফলে বায়ুসেনার মতো গুরুত্বপূর্ণ বাহিনী থেকে তাঁর সরে যাওয়ার খবর স্বাভাবিক ভাবেই নতুন করে আগ্রহ তৈরি করেছে।
সূত্রের দাবি, অভিনন্দন এ বার বেসরকারি বিমান সংস্থায় পাইলট হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন। ফ্লাই৯১ মূলত ছোট বিমান পরিচালনা করে। তবে কেন তিনি বায়ুসেনার চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও কারণ সামনে আসেনি।
এক জন প্রশিক্ষিত যুদ্ধবিমান চালককে তৈরি করতে দীর্ঘ সময়, বিপুল অর্থ এবং কঠোর প্রশিক্ষণ প্রয়োজন। তাই তাঁর মতো অভিজ্ঞ পাইলটের পেশা বদলের খবর ঘিরে প্রশ্ন উঠলেও, চাকরি ছাড়ার সিদ্ধান্তের পিছনে ব্যক্তিগত বা পেশাগত কী কারণ রয়েছে, তা আনুষ্ঠানিক ভাবে জানা না পর্যন্ত জল্পনাই থেকে যাচ্ছে।
বালাকোটের আকাশ থেকে শুরু হয়েছিল যে অধ্যায়ের সবচেয়ে আলোচিত অংশ, এ বার তার পরবর্তী অধ্যায় বেসরকারি বিমান চলাচলের দুনিয়ায়। দেশবাসীর কাছে ‘অভিনন্দন’ নামটি যে শুধু এক জন পাইলটের পরিচয় নয়, এক বিশেষ সময়ের স্মৃতিও নতুন ইনিংসেও সেই পরিচয় তাঁর সঙ্গী থাকবে।





