কর্মসংস্থান ডেস্ক, ২৯ আগস্টঃ দশম শ্রেণি পাশ করেই সরকারি চাকরির স্বপ্ন দেখছেন? দীর্ঘ অপেক্ষার পরে চাকরির দরজা খুলতে পারে ডাকঘরে। ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের অধীন ডাকবিভাগে গ্রামীণ ডাক সেবক নিয়োগ ২০২৬-এর বিজ্ঞপ্তি ঘিরে ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। দেশের বিভিন্ন প্রান্তের ডাকঘরে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে প্রায় ২৫ হাজার শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে।
বিশেষ করে গ্রাম ও মফস্সলের সেই সব তরুণ-তরুণী, যাঁদের পড়াশোনা দশম শ্রেণির পরে আর এগোয়নি, তাঁদের কাছে এই নিয়োগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। সরকারি চাকরির পরীক্ষার দীর্ঘ প্রস্তুতি বা উচ্চশিক্ষার বাধা ছাড়াই ডাকবিভাগে কাজের সুযোগ তৈরি হওয়ায় অনেক পরিবারের কাছে এটি নতুন আশার খবর।
জানা গিয়েছে, আগামী ৩১ আগস্ট থেকে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। ২ সেপ্টেম্বর থেকে ডাকবিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি যে রাজ্য বা অঞ্চলের জন্য আবেদন করা হচ্ছে, সেখানকার স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকাও বাধ্যতামূলক।
আবেদনের সময় দশমের মার্কশিট, জন্মতারিখের প্রমাণ, জাতিগত শংসাপত্র এবং স্থানীয় ভাষার প্রমাণপত্র-সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শংসাপত্রও প্রয়োজন।
সাধারণ শ্রেণির আবেদনকারীদের জন্য ফি ১০০ টাকা। তবে তফশিলি জাতি, উপজাতি, মহিলা, তৃতীয় লিঙ্গ এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি মকুব করা হয়েছে।
তবে আবেদন করার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। প্রত্যেক প্রার্থীকে প্রথমে মোবাইল নম্বর ও ই-মেল আইডি ব্যবহার করে ‘ওয়ান টাইম রেজিস্ট্রেশন’ বা OTR সম্পূর্ণ করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেই আবেদন করা যাবে।
দশমের গণ্ডি পেরিয়েই যাঁরা একটি স্থায়ী কর্মজীবনের স্বপ্ন দেখছেন, তাঁদের কাছে তাই এই নিয়োগ শুধু চাকরির বিজ্ঞপ্তি নয়-পরিবারের মুখে স্বস্তির হাসি ফেরানোরও এক সম্ভাব্য দরজা।





