কোচবিহার, ২৯ আগস্টঃ কোচবিহারের দিঘি মানেই শুধু জল নয়। শহরের ইতিহাস, রাজপরিবারের স্মৃতি আর মানুষের বিশ্বাস-সব মিলেমিশে রয়েছে সেই জলাশয়ের সঙ্গে। সেই ঐতিহ্যকে সামনে রেখেই শহরের একাধিক দিঘিতে হল বিশেষ পুজো-অর্চনা এবং মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি।
যমুনা দিঘি, রাজমাতা দিঘি, দাওঙ্গরাই দিঘি থেকে নরসিংহ দিঘি-শহরের ঐতিহ্যবাহী জলাশয়গুলিতে এ দিন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুজোর মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে দিঘির পাড়। স্থানীয় মানুষের উপস্থিতিতে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকা এই জলাশয়গুলিকে ঘিরে বহু মানুষের দীর্ঘ দিনের স্মৃতিও যেন ফিরে আসে এ দিনের অনুষ্ঠানে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিরাজ বসু, দীপা চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
পুজো-অর্চনার পাশাপাশি দিঘিগুলিতে মাছ অবমুক্ত করা হয়। উদ্যোক্তাদের বক্তব্যে উঠে আসে জলাশয় সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও। ক্রমশ ভরাট, দূষণ এবং দখলের চাপে শহরের বহু জলাশয়ের অস্তিত্ব যখন প্রশ্নের মুখে, তখন এই কর্মসূচি যেন ধর্মীয় আবেগের সঙ্গেই সামাজিক দায়িত্বের কথাও মনে করিয়ে দিল। দিঘির জল বাঁচলে বাঁচবে পরিবেশ, বাঁচবে শহরের ঐতিহ্যও।





