আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাইক হাতে পথে পর্যটন মন্ত্রী, শিলিগুড়ি কোর্ট মোড়ে তোলাবাজি বন্ধের কড়া হুঁশিয়ারি

Published on: August 26, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৬ আগস্ট : শিলিগুড়ি কোর্ট মোড়ে টোটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ ঘিরে বুধবার সরেজমিনে পথে নামলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। হাতে মাইক নিয়ে এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। তোলাবাজির অভিযোগ পাওয়ার পরই বিষয়টিতে হস্তক্ষেপ করে কড়া বার্তা দেন মন্ত্রী।

বিগত কয়েকদিন ধরে বিধায়ক তথা মন্ত্রীর কাছে অভিযোগ আসছিল, কোর্ট মোড় এলাকায় কয়েকজন অসাধু ব্যক্তি টোটো চালকদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে টাকা তুলছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন ঘটনাস্থলে পৌঁছন শংকর ঘোষ। সেখানে টোটো চালকদের সঙ্গে কথা বলার পাশাপাশি যারা তোলাবাজির সঙ্গে যুক্ত, তাদের উদ্দেশ্যে অবিলম্বে এই ধরনের কাজ বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি।

শুধু টাকা নেওয়া নয়, টোটো চালকদেরও কোনও ধরনের তোলা না দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, টাকা নেওয়া এবং দেওয়া—দুই প্রক্রিয়াই বন্ধ করতে হবে। অন্যথায় এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, কোর্ট মোড় এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যাও এদিন মন্ত্রীর নজরে আসে। অভিযোগ, রাস্তার উপর অস্থায়ীভাবে টোটো ও অটো দাঁড় করিয়ে সেখানে কার্যত স্ট্যান্ড তৈরি করা হয়েছে। এর ফলে ব্যস্ত এই মোড়ে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। তোলাবাজি বন্ধ না হলে আগামী দিনে ওই অস্থায়ী স্ট্যান্ডও তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন শংকর ঘোষ।

এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা এবং এসিপি ট্রাফিক সুবীর দত্ত। দুই পুলিশ আধিকারিককেই বিষয়টির উপর নজর রাখার নির্দেশ দেন মন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, কোর্ট মোড় এলাকায় কোনও ধরনের তোলাবাজি বা অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

পথ চলতি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন শংকর ঘোষ। এলাকার যানজট, টোটো-অটোর সমস্যা এবং অসাধু ব্যক্তিদের দৌরাত্ম্য নিয়ে তাঁদের কাছ থেকে অভিযোগ শোনেন তিনি। সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, আগামী দিনে ওই এলাকায় অযথা যানজট তৈরি হতে দেওয়া হবে না। পাশাপাশি কোনও ধরনের অবৈধ কার্যকলাপ কিংবা অসাধু ব্যক্তিদের আনাগোনাও বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন তিনি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment