কোচবিহার, ১৬ আগস্টঃ শারদোৎসবের প্রস্তুতিতে ঢাকে কাঠি পড়ল কোচবিহারে। কোচবিহার নাট্য সংঘ ক্লাবের ৭৭তম দুর্গাপুজো উপলক্ষে সম্পন্ন হল খুঁটিপুজো। রবিবারের এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিক ভাবে পুজোর প্রস্তুতি শুরু করল উদ্যোক্তারা।
ক্লাব প্রাঙ্গণে আয়োজিত খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়। পাশাপাশি ছিলেন ক্লাবের সদস্য, পুজো কমিটির কর্মকর্তারা এবং এলাকার বিশিষ্টজনেরা। পুজোর সূচনার মুহূর্তে উপস্থিত সকলের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।
৭৭ বছরে পা দেওয়া নাট্য সংঘের দুর্গাপুজো কোচবিহার শহরের অন্যতম পুরনো পুজো হিসেবে পরিচিত। প্রতি বছরই এই পুজোকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশেষ আগ্রহ থাকে। খুঁটিপুজোর পর থেকেই মণ্ডপ নির্মাণ, প্রতিমা এবং পুজোর অন্যান্য আয়োজন নিয়ে ব্যস্ততা বাড়বে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
এ দিনের অনুষ্ঠানে আগামী দুর্গোৎসবকে সফল করে তুলতে ক্লাবের সদস্য ও পুজো কমিটির তরফে একাধিক পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। শারদোৎসবের আগমনী বার্তা নিয়ে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে কোচবিহারে।





