দিনহাটা, ১৩ আগস্টঃ চাঁদার দাবিতে ‘জুলুম’, হুমকি এবং ‘থ্রেট কালচার’-এর অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধের ডাক। বৃহস্পতিবার সকাল থেকে দোকানের ঝাঁপ নামিয়ে বিক্ষোভে শামিল হলেন ব্যবসায়ীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারের বামনহাট বাজারে।
বাজার কমিটির অভিযোগ, নতুন কমিটি গঠনের পর থেকেই একাধিক বিষয়ে ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। বাজার কমিটির সম্পাদক সন্টু কর্মকারের দাবি, পুরনো কমিটির তহবিলে থাকা প্রায় দু’লক্ষ টাকা নিয়ে চাপ দেওয়া হয়েছিল। পাশাপাশি, গত ১০ অগস্ট শিবপুজো এবং বাউল সংগীতানুষ্ঠানের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে ৫ হাজার থেকে শুরু করে ১৫-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা চাওয়া হয় বলেও অভিযোগ।
সন্টুর আরও অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাঁকে ফোনে হুমকি দেওয়া হয়। পরে ডেকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর। এরপরেই বুধবার রাতে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল থেকেই বামনহাট বাজারের অধিকাংশ দোকানের ঝাঁপ বন্ধ ছিল। ব্যবসায়ীরা একজোট হয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পথ অবরোধও করেন। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। তবে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসেননি ব্যবসায়ীরা।
সূত্রের খবর, ইতিমধ্যেই বিষয়টি স্থানীয় বিধায়কের নজরে আনা হয়েছে। আগামী শনিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে সমস্যার সমাধান সূত্র বেরোয় কি না, এখন সেদিকেই তাকিয়ে বামনহাটের ব্যবসায়ী মহল।
যদিও চাঁদা চাওয়া বা হুমকির অভিযোগ নিয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফলে অভিযোগ-পাল্টা অভিযোগের আবহে কবে ফের খুলবে বামনহাট বাজার, তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।





