মাথাভাঙ্গা, ৯ আগস্টঃ রাতের অন্ধকারে হঠাৎ বিকট শব্দ। মুহূর্তে দুমড়ে-মুচড়ে গেল স্কুটারের সামনের অংশ। মাথাভাঙা–ময়নাগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক স্কুটার আরোহী। শনিবার রাতে মাথাভাঙার নবজীবন সংঘ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পচাগড়ের দিক থেকে কলেজ মোড়ের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। অন্য দিকে কলেজ মোড় থেকে পচাগড়ের দিকে যাচ্ছিল স্কুটারটি। নবজীবন সংঘের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানের সামনে সজোরে ধাক্কা মারে স্কুটারটি।
দুর্ঘটনায় গুরুতর আহত হন স্কুটার আরোহী, মাথাভাঙা শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরিন্দম পাল। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দ্রুত আহত অরিন্দমকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখে দুর্ঘটনাগ্রস্ত স্কুটার এবং পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে পিকআপ ভ্যানের চালক মিঠুন মণ্ডলের বক্তব্য, ঘটনার সময় তাঁর গাড়ি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। জল নেওয়ার জন্য গাড়ি থামিয়েছিলেন তিনি। জল নিয়ে ফের গাড়িতে উঠে স্টার্ট করে কিছুটা এগোতেই উল্টো দিক থেকে আসা স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সামনে ধাক্কা মারে।
পুলিশের তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। তবে রাতে ওই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং পথ নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল এই ঘটনায়।





