খবরিয়া ২৪ ডেস্ক, ৯ আগস্টঃ দু’বছর পেরিয়ে গেলেও ৯ আগস্টের সেই রাতের ক্ষত এখনও তাজা। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে স্মরণ করে রবিবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে ‘অভয়া দিবস’। সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্যকেন্দ্র সর্বত্র নীরবতা পালন, প্রদীপ প্রজ্জ্বলন এবং স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই আবহেই আসানসোল জেলা হাসপাতালে স্বরচিত কবিতা পাঠ করে অভয়াকে স্মরণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
সরকারি নির্দেশ মেনে আসানসোল জেলা হাসপাতালের কনফারেন্স হলে আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। ছিলেন পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শেখ মহম্মদ ইউনুস এবং হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টও।
প্রথমে দু’মিনিট নীরবতা পালন করে অভয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর মাইক্রোফোন হাতে নিজের লেখা কবিতা পাঠ করেন অগ্নিমিত্রা। সেই ভয়াবহ ঘটনার খবর পাওয়ার পরই অভয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন বলে জানান তিনি। অন্যান্য বিজেপি নেতৃত্বের সঙ্গে অভয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা করার কথাও স্মরণ করেন মন্ত্রী।
অগ্নিমিত্রার বক্তব্য, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স এবং প্রতিটি স্তরের কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। ভবিষ্যতে কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সঙ্গে যাতে এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য সকলকে আরও সতর্ক এবং সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সকাল ১১টায় রাজ্যের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও দু’মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বালিয়ে অভয়াকে স্মরণ করা হয়। আর জি কর হাসপাতালেও পালিত হয় স্মরণ কর্মসূচি।
এর পাশাপাশি ফের নড়েচড়ে বসেছে অভয়া-কাণ্ডের তদন্ত। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার দিন আর জি করে যাঁরা ছিলেন, পরে যাঁরা হাসপাতালে এসেছিলেন এবং সিসিটিভি ফুটেজে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে।
অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথও নিজের বিধানসভা কেন্দ্রে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিকেলে সেখানে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা। দু’বছর পর ‘অভয়া দিবস’-এ তাই স্মৃতির পাশাপাশি ফের সামনে এসেছে তদন্তের প্রশ্ন সেই রাতের অন্ধকারে আর কোন সত্য এখনও অধরা?





