কলকাতা, ৫ আগস্টঃ প্রতিশ্রুতি ছিল পুজোর আগেই বর্ধিত মহার্ঘ ভাতা। সেই প্রতিশ্রুতিই বাস্তবায়িত করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, আগামী ১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) পাবেন। অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব পি কে মিশ্রের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই সরকারি কর্মচারী মহলে খুশির হাওয়া।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু পূর্ণসময়ের সরকারি কর্মচারীরাই নন, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মী, বিভিন্ন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত ও পুরসভার কর্মী, স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মচারী এবং পেনশনভোগীরাও এই বর্ধিত হারের সুবিধা পাবেন। তাঁদের ক্ষেত্রেও ১ অক্টোবর থেকেই সংশোধিত হারে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ (ডিআর) কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এখনও যাঁরা পঞ্চম বেতন কমিশনের প্রি-রিভাইজড বেতন কাঠামোয় রয়েছেন, তাঁদের মহার্ঘ ভাতার হার ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে যে সমস্ত সরকারি দিনমজুরের পারিশ্রমিক ন্যূনতম মজুরি আইনের আওতায় পড়ে না, তাঁদের দৈনিক মজুরিতে ১১০ টাকা অ্যাড-হক বৃদ্ধি করা হয়েছে। এই সুবিধাও ১ অক্টোবর থেকেই কার্যকর হবে।
উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথম বাজেটেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত অতিরিক্ত ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। তাতে মোট ডিএ বেড়ে দাঁড়ায় ৩৮ শতাংশ। প্রথমে তা নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা জানানো হলেও পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, দুর্গাপুজোর আগেই কর্মীদের হাতে বর্ধিত ডিএ পৌঁছে দেওয়া হবে।
মঙ্গলবারের বিজ্ঞপ্তির মাধ্যমে সেই প্রতিশ্রুতিতেই সরকারি সিলমোহর পড়ল। ফলে উৎসবের মরসুম শুরুর আগেই রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মুখে হাসি ফুটল।





