কোচবিহার, ২ আগস্টঃ ‘পরিচ্ছন্ন শহর, সুস্থ পরিবেশ’ এই লক্ষ্যকে সামনে রেখেই শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে কোচবিহার পৌরসভা। শুধু রাস্তা ঝাঁট দেওয়া নয়, ড্রেন পরিষ্কার থেকে শুরু করে প্রকাশ্যে আবর্জনা ফেলার বিরুদ্ধে কড়া নজরদারির বার্তাও দিল পুরসভা। প্রশাসনের স্পষ্ট হুঁশিয়ারি, নির্দিষ্ট জায়গার বাইরে আবর্জনা ফেললে পৌর আইন অনুযায়ী জরিমানার মুখে পড়তে হবে।
পৌরসভার প্রশাসকের নির্দেশে রবিবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালান স্যানিটারি ইন্সপেক্টর সৌরভ চক্রবর্তী এবং কনজারভেন্সি নোডাল বিশ্বজিৎ লোধ-সহ পুরকর্মীরা। শহরের বিভিন্ন রাস্তা ও জনবহুল এলাকা থেকে জমে থাকা আবর্জনা অপসারণের পাশাপাশি অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে নর্দমা ও ড্রেনের ভিতরে জমে থাকা পলি ও ময়লা পরিষ্কার করা হয়। বর্ষার সময়ে জলনিকাশি ব্যবস্থা সচল রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে পুরসভা।
পুর কর্তৃপক্ষের বক্তব্য, শুধু প্রশাসনের উদ্যোগে শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। নাগরিকদেরও সমান দায়িত্ব রয়েছে। তাই বাড়ির আবর্জনা রাস্তায় না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার আবেদন জানানো হয়েছে। নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
পুরসভার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শহরবাসীর একাংশ। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান হলে শহরের সৌন্দর্য যেমন বজায় থাকবে, তেমনই স্বাস্থ্যবিধিও অনেক বেশি সুরক্ষিত হবে। বিশেষ করে বর্ষাকালে নোংরা জমে মশাবাহিত রোগের আশঙ্কা কমাতেও এই উদ্যোগ কার্যকর হতে পারে।
পুরসভা সূত্রে খবর, এক দিনের অভিযানে থেমে না থেকে আগামী দিনেও শহরের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান চলবে। পাশাপাশি নাগরিকদের সচেতন করতে প্রচারও জোরদার করা হবে। লক্ষ্য একটাই ঐতিহ্যের শহর কোচবিহারকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে তোলা।





