কলকাতা, ৩০ জুলাইঃ কলকাতা হাই কোর্টে আশানুরূপ সাড়া মেলেনি। এসএসকেএম হাসপাতালে চোখের পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দেওয়ার পরামর্শই পেয়েছিলেন। তার মধ্যেই বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আগামী সোমবারই শীর্ষ আদালতে এই মামলার শুনানি হতে পারে।
অমিত শাহকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলার জেরে অভিষেকের বিদেশযাত্রার উপর আগেই স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। একইসঙ্গে তদন্তে সহযোগিতার নির্দেশও দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনেই তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন বলে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে উল্লেখ করেছেন। ডিজে মামলায় ইতিমধ্যেই কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, তদন্তে সহযোগিতা করলেও চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি এখনও মেলেনি। তাই শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
গত ২৯ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন অভিষেক। তবে সেই আবেদন খারিজ না করলেও বিচারপতি প্রশ্ন তোলেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়া কেন অপরিহার্য? আদালতের পর্যবেক্ষণ ছিল, কলকাতাতেই উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। বিশেষ করে এসএসকেএম হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করানো যেতে পারে। প্রয়োজনে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশও দেওয়া হতে পারে বলে আদালত জানায়।
যদিও এই অবস্থানের বিরোধিতা করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। তাঁদের বক্তব্য ছিল, চিকিৎসার প্রয়োজনীয়তা এবং বিদেশে যাওয়ার কারণ চিকিৎসকের পরামর্শের ভিত্তিতেই নির্ধারিত হয়েছে। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আবেদনকারীর চিকিৎসা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই বিষয়েই তারা সচেতন। তাই প্রথমে এসএসকেএম হাসপাতালে পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্ট পর্যালোচনা করেই বিদেশযাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর মধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করে নতুন আইনি লড়াই শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন নজর আগামী সোমবারের শুনানির দিকে। শীর্ষ আদালত কি হাই কোর্টের অবস্থান বহাল রাখবে, নাকি চিকিৎসার স্বার্থে বিদেশযাত্রার অনুমতি দেবে সেই প্রশ্নের উত্তরেই নির্ভর করছে অভিষেকের পরবর্তী পদক্ষেপ।





