কলকাতা, ২৯ জুলাইঃ গুরুপূর্ণিমার পুণ্যলগ্নে ফের বেলুড় মঠে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজির পায়ে প্রণাম করে তাঁর আশীর্বাদ নিলেন তিনি। পদ্মের মালা ও মা কালীর মূর্তি উপহার দেওয়ার পাশাপাশি রাজ্যের উন্নয়ন নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন মুখ্যমন্ত্রী।
বুধবার সকাল থেকেই গুরুপূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল প্রায় এগারোটা নাগাদ মঠে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ভক্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করে তিনি সরাসরি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়ে যান। পরে প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজির কক্ষে গিয়ে ষাষ্টাঙ্গে প্রণাম করেন। তাঁর হাতে পদ্মের মালা ও মা কালীর মূর্তি তুলে দেন। পাশাপাশি মঠের অন্য সন্ন্যাসীদেরও প্রণাম করে শুভেচ্ছা জানান।
সূত্রের খবর, সাক্ষাৎপর্বে রাজ্যের উন্নয়ন, সমাজসেবা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মহারাজদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে কিছুক্ষণ বেলুড় মঠ চত্বরও পরিদর্শন করেন তিনি।
বেলুড় মঠের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। কৈশোর থেকেই তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত। কলকাতায় এলেই সুযোগ মিললে বেলুড় মঠে গিয়ে সন্ন্যাসীদের আশীর্বাদ নেন। রাজনৈতিক মহলের মতে, সেই ধারাবাহিকতাতেই রাজ্যে সরকার গঠনের পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নিয়মিত বেলুড় মঠে যাচ্ছেন। দু’মাসের ব্যবধানে এ দিন ফের তাঁর বেলুড় সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
গুরুপূর্ণিমার আবহে আধ্যাত্মিকতা ও প্রশাসনিক সৌজন্যের এই মেলবন্ধন ঘিরে এ দিন বেলুড় মঠে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যেও ছিল বিশেষ আগ্রহ।





