পুরুলিয়া, ২৪ জুলাইঃ ভোরের আলো ফোটার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কড়া নাড়ানি। শুক্রবার সকালে পুরুলিয়ার নিতুড়িয়া থানার পারবেলিয়া বাজারে এক ব্যবসায়ীর বাড়ি ও রেস্তরাঁয় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি ব্যাঙ্ক জালিয়াতি মামলার তদন্তেই এই অভিযান।
ইডি সূত্রের খবর, অভিযুক্ত ব্যবসায়ীর নাম সুরজ বিশ্বকর্মা। সকাল প্রায় ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি এবং ‘সুরজ ফ্যামিলি রেস্টুরেন্ট’-এ পৌঁছন তদন্তকারীরা। তল্লাশি শুরুর পর গোটা এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির ভিতরেই ছিলেন ওই ব্যবসায়ী। তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয় বলে জানা গিয়েছে। তদন্তকারীরা আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন নথি ও ইলেকট্রনিক তথ্য খতিয়ে দেখছেন।
তদন্তকারী সংস্থার দাবি, একটি বহুজাতিক ব্যাঙ্ককে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগের সূত্র ধরেই এই অভিযান। তবে তদন্তের স্বার্থে ইডি এখনও বিস্তারিত কিছু জানায়নি। উদ্ধার হওয়া নথি ও তথ্য বিশ্লেষণের পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর।
সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে একের পর এক আর্থিক দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারি ও প্রতারণার মামলায় সক্রিয় হয়েছে ইডি। সম্প্রতি চিটফান্ড মামলায় হাওড়া, নদিয়া-সহ একাধিক জেলায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। পুর নিয়োগ দুর্নীতি এবং সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগেও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান হয়েছে।
সেই ধারাবাহিকতায় এবার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে পুরুলিয়ার এই তল্লাশি তদন্তে নতুন মাত্রা যোগ করল। তদন্তকারীরা বাজেয়াপ্ত নথি খতিয়ে দেখে আর্থিক লেনদেনের উৎস, সম্ভাব্য সহযোগী এবং জালিয়াতির পরিধি সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। তদন্তের অগ্রগতির উপর নজর রয়েছে প্রশাসনিক মহলেরও।





