কলকাতা, ১৩ জুলাইঃ দলবদলের চার দিনের মধ্যেই রাজ্যসভার পথে আরও একধাপ। প্রতীক বদলাল, প্রার্থী বদলাল না। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক সোমবার বিধানসভায় গিয়ে রাজ্যসভার উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন। সংখ্যার অঙ্কে তাঁদের জয়ের পথ কার্যত নিশ্চিত। ফলে ঘাসফুলের টিকিটে যে তিনটি আসনে এতদিন প্রতিনিধিত্ব করেছেন, সেখানেই এ বার পদ্ম প্রতীকে ফিরতে চলেছেন তাঁরা।
সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিধানসভায় পৌঁছন তিন প্রার্থী। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা। পরে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। গলায় গেরুয়া উত্তরীয়, মুখে আত্মবিশ্বাস তিন প্রার্থীর উপস্থিতিই ছিল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।
গত ৯ জুলাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুখেন্দুশেখর, সুস্মিতা ও প্রকাশ। দলত্যাগের পাশাপাশি রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা দেন তাঁরা। সেই তিনটি শূন্য আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন। তবে বিধানসভার বর্তমান সংখ্যাতত্ত্ব অনুযায়ী বিরোধী তৃণমূল কোনও প্রার্থী দেওয়ার অবস্থায় নেই। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তাঁদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল।
মনোনয়ন জমা দেওয়ার পর সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘রাজ্যসভার সাংসদ পদ আমি ছেড়ে এসেছিলাম। সেই শূন্যপদ পূরণের জন্য আজ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলাম। নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এর বেশি কিছু বলব না।’’
অন্যদিকে সুস্মিতা দেব বলেন, বিজেপি নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞ। তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে কাজ করব।’’ দলবদলের পর এত দ্রুত রাজ্যসভার টিকিট এবং মনোনয়ন জমা রাজ্যের রাজনৈতিক অন্দরে এই ঘটনাকেই এখন নতুন সমীকরণের স্পষ্ট বার্তা হিসেবে দেখছে রাজনৈতিক মহল।





