কলকাতা, ৭ জুলাই: রাজ্যে সরকার বদলের পর প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তনের আবহে এ বার সরকারি বাসের রং বদলের ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার তিনি জানান, নতুন যে সরকারি বাসগুলি রাস্তায় নামবে, সেগুলির রং হবে গেরুয়া।
জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণমন্ত্রী বলেন, ‘‘গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা রাষ্ট্রবাদী। তাই নতুন সরকারি বাসগুলিকে গেরুয়া রঙে আনা হবে।’’ তাঁর এই মন্তব্যের পর রাজ্যের পরিবহণ ব্যবস্থায় নতুন রঙের সংযোজন নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গে সরকারি বাসের রং অতীতেও রাজনৈতিক পালাবদলের সঙ্গে বদলেছে। বামফ্রন্ট সরকারের আমলে অধিকাংশ সরকারি বাস ছিল লাল রঙের। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই রং বদলে নীল-সাদা করা হয়। শুধু বাস নয়, সরকারি ভবন, রাস্তার রেলিং-সহ একাধিক সরকারি পরিকাঠামোতেও নীল-সাদা রং ব্যবহার করা হয়েছিল।
এ বার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি বাসের রং গেরুয়া করার সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই নতুন অধ্যায় বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
তবে পরিবহণমন্ত্রী স্পষ্ট করেছেন, আপাতত নতুন যে বাসগুলি কেনা হবে, সেগুলিই গেরুয়া রঙে রাস্তায় নামবে। ইতিমধ্যেই চলাচলকারী বাসগুলির রং পরিবর্তন করা হবে কি না, সে বিষয়ে সরকার এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিরোধী দলগুলির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





