খবরিয়া ২৪ ডেস্ক, ৭ জুলাইঃ সংশোধিত ওয়াকফ আইন কার্যকর হওয়ার পর দেশের প্রথম রাজ্য হিসেবে নতুন বিধান অনুযায়ী ওয়াকফ বোর্ড পুনর্গঠন করল মধ্যপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বে গঠিত ১০ সদস্যের নতুন বোর্ডে দু’জন হিন্দু প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে সানওয়ার প্যাটেলকে। হিন্দু সদস্য হিসেবে রয়েছেন মনোজ মালপানি এবং অনিমেষ ভার্গব।
সংশোধিত ওয়াকফ আইনে বোর্ড গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, ওয়াকফ বোর্ডের সব সদস্যের মুসলিম হওয়া বাধ্যতামূলক নয়। রাজ্য সরকারই বোর্ড গঠনের ক্ষমতা পাবে এবং সর্বাধিক দু’জন অমুসলিম সদস্যকে অন্তর্ভুক্ত করা যাবে। সেই বিধান মেনেই মধ্যপ্রদেশে নতুন বোর্ড গঠন করা হয়েছে।
নবগঠিত বোর্ডে একাধিক মহিলা সদস্যও স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নাজমা হেপতুল্লা, ফাইজান খান, ফতেমা চৌধুরী এবং সাহিস্তা সুলতান।
তবে বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ওয়াকফ বোর্ড একটি ধর্মীয় প্রতিষ্ঠান। অন্যান্য ধর্মীয় ট্রাস্ট বা বোর্ডে যেমন ভিন্ন ধর্মাবলম্বীদের অন্তর্ভুক্ত করা হয় না, তেমনই ওয়াকফ বোর্ডেও অমুসলিম সদস্য রাখা উচিত নয়।
অন্যদিকে, কেন্দ্রের যুক্তি ছিল, ওয়াকফ সংক্রান্ত সিদ্ধান্তের প্রভাব বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর পড়তে পারে। তাই বোর্ডে সীমিত সংখ্যক অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির সুযোগ রাখা হয়েছে। সংশোধিত আইনের বৈধতা নিয়ে একাধিক আবেদন বিচারাধীন থাকলেও, এ পর্যন্ত আইনটির কার্যকারিতায় স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।
মধ্যপ্রদেশ সরকারের এই পদক্ষেপকে সংশোধিত ওয়াকফ আইন বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম বড় প্রশাসনিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। যদিও রাজ্যের মুসলিম সম্প্রদায়ের একাংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে।





