নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: টানা ভারী বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে তোর্ষা। আর তার জেরেই জলমগ্ন কোচবিহার শহর সংলগ্ন মধুপুরের তোর্ষাপাড়। নদীর জলস্তর বাড়তেই পাড় লাগোয়া বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। একাধিক বাড়িতে ঢুকে পড়েছে নদীর জল। ঘরবন্দি বহু পরিবার। দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।
রবিবার সকাল থেকেই তোর্ষার জল বাড়তে থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায়। নদীর ধারের নিচু অংশ প্রথমে ডুবে যায়। পরে জল ঢুকতে শুরু করে বসতবাড়িতেও। বহু পরিবার নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে রাখার তৎপরতাও দেখা যায় বাসিন্দাদের মধ্যে।
পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার জলমগ্ন এলাকায় যান উত্তরের বিধায়ক সুকুমার রায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শোনেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন। দুর্যোগের এই সময় সাধারণ মানুষের পাশে থাকার বার্তাও দেন বিধায়ক।
আবহাওয়া দফতর ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে তোর্ষার জল আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। নদীপাড়ের বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।





