মাথাভাঙ্গা, ২৭ জুন: কোচবিহার জেলার মাথাভাঙ্গা শহরের ব্যস্ততম শনি মন্দির মোড় এলাকায় রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় একটি সদ্যোজাত শিশুর ভ্রূণ পড়ে থাকতে দেখা যাওয়ায় শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচলতি কয়েকজন মানুষ রাস্তার পাশে খবরের কাগজে মোড়ানো অবস্থায় রক্তাক্ত একটি সদ্যোজাতের ভ্রূণ দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরে বিষয়টি মাথাভাঙ্গা থানার পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কে বা কারা ভ্রূণটি সেখানে ফেলে রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী রাকেশ বর্মন বলেন,“আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় একটি শিশুর ভ্রূণ পড়ে থাকতে দেখি। এরপর আশপাশের লোকজনকে বিষয়টি জানাই। পরে সবাই ঘটনাস্থলে এসে দেখে এবং পুলিশকে খবর দেওয়া হয়।”
স্থানীয় বাসিন্দা বাসুদেব মুন্সি বলেন,“রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ভ্রূণটি পড়ে থাকতে দেখে আমরাও ঘটনাস্থলে যাই। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানাচ্ছি।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।




