নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দুষ্কর্ম করলে রেয়াত করা হবে না রাজ্যে পালাবদলের পর থেকেই এই বার্তা দিয়ে এসেছে বিজেপি নেতৃত্ব। নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন অভিযোগে ইতিমধ্যেই দলের শতাধিক নেতা-কর্মীকে শোকজ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এ বার কলকাতার এক বিজেপি কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি। ভয়ভীতি প্রদর্শন, হুমকি, শারীরিক হেনস্থা এবং দলবিরোধী কাজের অভিযোগে চেতলার বাসিন্দা তারক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করার পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তারকবাবুর বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনের পর থেকেই এলাকায় তিনি একাধিকবার ভয় দেখানো, হুমকি দেওয়া এবং দলীয় কর্মীদের উপর শারীরিক হেনস্থার মতো কাজে জড়িয়েছেন। পাশাপাশি, দলবিরোধী নানা কর্মকাণ্ডেও তাঁর নাম উঠে এসেছে বলে অভিযোগ। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই তাঁকে শোকজ করা হয়েছে। সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাঁকে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে দল থেকে সাময়িক বরখাস্ত রাখার সিদ্ধান্তও জানানো হয়েছে।
দলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি সূত্রের খবর, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।
জানা গিয়েছে, তারকবাবুর বাড়ি চেতলা এলাকায় হলেও তিনি মূলত নিউ আলিপুর চত্বরে বিজেপির কর্মী হিসেবে সক্রিয়। তাঁর স্ত্রী পুরভোটে বিজেপির প্রার্থীও হয়েছিলেন। অভিযোগ, রাজ্যে পালাবদলের পর থেকেই তিনি এলাকায় বেপরোয়া আচরণ করতে শুরু করেন। সেই আচরণ নিয়ে দলীয় স্তরে ক্ষোভও বাড়ছিল।
এর আগেও নির্বাচন-পরবর্তী অশান্তি, হুমকি এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল। এ বার কলকাতা শহরেও একই বার্তা স্পষ্ট করে দিল রাজ্য বিজেপি দলীয় পরিচয় থাকলেই শাস্তি এড়ানো যাবে না।





