কোচবিহার, ২৩ জুন: ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস উপলক্ষে মঙ্গলবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত হল স্মরণসভা। দলীয় কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি নেতৃত্ব, কর্মী এবং সমর্থকেরা।
এ দিনের কর্মসূচিতে উপস্থিত নেতারা শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনৈতিক জীবন, দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং দেশের ঐক্য রক্ষায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য, স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে শ্যামাপ্রসাদের আত্মত্যাগ এক বিশেষ অধ্যায়। দেশের অখণ্ডতা, সাংবিধানিক মর্যাদা এবং জাতীয় চেতনার প্রশ্নে তিনি যে অবস্থান নিয়েছিলেন, তা আজও সমান প্রাসঙ্গিক।
জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল আনুষ্ঠানিক স্মরণ নয়, নতুন প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, দর্শন এবং কর্মজীবনের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। দলের নেতাদের বক্তব্যে উঠে আসে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও তাঁর চিন্তাভাবনা এবং জাতীয়তাবাদী অবস্থান কর্মীদের কাছে প্রেরণার উৎস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন, জেলা সহ-সভাপতি দীপা চক্রবর্তী ও বিরাজ বোস, জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ, সাধারণ সম্পাদিকা মিনতি দাস ঈশ্বোর এবং জেলা যুব মোর্চার সভাপতি কুমার চন্দন নারায়ণ-সহ অন্য নেতারা।
দলীয় সূত্রের খবর, আত্মবলিদান দিবসকে ঘিরে জেলার বিভিন্ন সাংগঠনিক স্তরেও ছোট ছোট স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।





