নদিয়া, ২৩ জুনঃ তৃণমূলের প্রাক্তন দাপুটে নেতা তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে ঘিরে দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে হানা দিয়ে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার করল বিধাননগর পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষ টাকারও বেশি। সোমবার গভীর রাতে নদিয়ার তেহট্টে এই তল্লাশি চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজি, বেআইনি সম্পত্তি ও আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সব্যসাচী দত্তকে জেরা করেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে তদন্তকারীদের। সেই সূত্র ধরেই সোমবার রাতে তাঁকে সঙ্গে নিয়ে টিনা ভৌমিক সাহার বাড়িতে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দীর্ঘ তল্লাশির পর উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনার গয়না। তদন্তকারীরা দাবি করেছেন, এই সোনার সঙ্গে সব্যসাচীর আর্থিক লেনদেন বা প্রভাব খাটানোর যোগ থাকতে পারে বলেই সন্দেহ করা হচ্ছে।
চলতি মাসের গোড়াতেই গ্রেপ্তার হন সব্যসাচী দত্ত। অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজি ও কালো টাকার জোরে বিপুল সম্পত্তি গড়ে তুলেছিলেন তিনি। তদন্তে তাঁর রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাঙ্কের লকার থেকে সোনা কেনার একাধিক রসিদ মিলেছিল। সেখান থেকে প্রায় সাড়ে ৩ কেজি সোনাও উদ্ধার করা হয়। এরপরই পুলিশের সন্দেহ হয়, শুধু নিজের জন্য নয়, ঘনিষ্ঠদের নামেও সোনা কিনে রাখার ছক থাকতে পারে। টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে সোনা উদ্ধারের ঘটনায় সেই সন্দেহ আরও জোরাল হল।
যদিও এই সোনার উৎস, মালিকানা এবং কেন তা টিনার বাড়িতে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের একাংশের মতে, সব্যসাচী দত্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিধি এখন আর ব্যক্তিগত সম্পত্তি বা তোলাবাজির গণ্ডিতে আটকে নেই, বরং তার সঙ্গে জুড়ে যেতে পারে আরও একাধিক ঘনিষ্ঠ রাজনৈতিক মুখের নাম। ফলে এই তল্লাশি ও সোনা উদ্ধারের ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।





