নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগাম ইঙ্গিতের পর এ বার রাজ্য বাজেটেই ফলতাকে নিয়ে বড় ঘোষণা করল বিজেপি সরকার। সোমবার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, দক্ষিণ ২৪ পরগণার ফলতা এলাকাকে একটি ‘মডেল ব্লক’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে স্বাস্থ্য পরিষেবা ও জরুরি পরিকাঠামো উন্নয়নের উপর জোর দিচ্ছে সরকার। সেই লক্ষ্যে ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ১০০ শয্যাবিশিষ্ট গ্রামীণ হাসপাতালে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ফলতায় একটি নতুন ফায়ার স্টেশন তৈরির কথাও ঘোষণা করা হয়েছে।
বাজেট প্রস্তাব অনুযায়ী, উন্নীত হওয়া হাসপাতালটিতে প্রসূতিদের জন্য সামগ্রিক জরুরি চিকিৎসা পরিষেবা চালু হবে। ফলে এলাকার গর্ভবতী মহিলাদের আর ছোটখাটো জটিলতা বা জরুরি পরিস্থিতিতে দূরের মেডিক্যাল কলেজ বা সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটতে হবে না। ব্লক স্তরেই মিলবে প্রসব-সহ জরুরি মাতৃসেবা। প্রশাসনিক সূত্রের দাবি, ফলতার মতো দ্রুত জনবহুল হয়ে ওঠা এলাকায় এই পরিকাঠামো দীর্ঘদিনের প্রয়োজন ছিল। সেই কারণেই স্বাস্থ্য পরিষেবাকেই প্রথম ধাপে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ফলতা এখন শুধু প্রশাসনিক কারণে নয়, রাজনৈতিক কারণেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ এলাকা। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই কেন্দ্র বারবার শিরোনামে উঠে এসেছে। পুনর্নির্বাচনে সেখানে জয় পেয়েছে বিজেপি। তার পর থেকেই ফলতাকে আলাদা গুরুত্ব দিতে দেখা যাচ্ছে নতুন সরকারকে। কয়েক দিন আগেই ফলতায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, এই বিধানসভা কেন্দ্রকে ‘মডেল বিধানসভা’ হিসেবে গড়ে তোলা হবে। স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন, নিরাপত্তা জোরদার, শিল্পতালুক সম্প্রসারণ, বন্দরভিত্তিক উন্নয়ন, মহিলা কলেজ এবং ফায়ার স্টেশন একাধিক পরিকল্পনার কথা তিনি জানিয়েছিলেন।
সোমবারের বাজেট সেই ঘোষণাগুলিকেই সরকারি রূপ দিল। অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, ফলতার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি জরুরি পরিষেবা ও নাগরিক সুরক্ষার ব্যবস্থাও শক্তিশালী করা হবে। ফলে স্পষ্ট, রাজনৈতিক পালাবদলের পর দক্ষিণ ২৪ পরগণার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রকে উন্নয়নের ‘মডেল’ হিসেবে তুলে ধরতে চাইছে শুভেন্দু অধিকারী সরকার।





