কলকাতা, ১৯ জুনঃ আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের তদন্তে ফের নতুন মোড়। ঘটনার পরবর্তী পর্যায়ে প্রমাণ লোপাট, তদন্তে গাফিলতি এবং প্রকৃত অভিযুক্তদের আড়াল করার অভিযোগে তিন সাসপেন্ডেড আইপিএস আধিকারিককে ঘিরে তদন্ত জোরদার করেছে সিবিআই। ইতিমধ্যেই তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা-কে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কয়েক ঘণ্টা ধরে দুই আধিকারিককে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। পাশাপাশি বেশ কিছু নথিপত্রও সংগ্রহ করা হয়েছে। আগামী সপ্তাহে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল-কেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও নথি খতিয়ে দেখে তদন্তের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা রাজ্যজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে এবং এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। আদালতের রায়ে ওই অভিযুক্ত দোষী সাব্যস্ত হলেও নিহত চিকিৎসকের পরিবার বরাবরই দাবি করে এসেছে যে, ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন।
নতুন তদন্তপর্বে ঘটনার রাত থেকে শুরু করে মৃতদেহের শেষকৃত্য পর্যন্ত সমস্ত ঘটনাক্রম খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ঘটনার পরে কোনও প্রভাবশালী মহল বা প্রশাসনিক স্তর থেকে কোনও নির্দেশ দেওয়া হয়েছিল কি না এবং তদন্তের গতিপথ প্রভাবিত করার চেষ্টা হয়েছিল কি না।
এই বহুচর্চিত মামলায় নতুন করে শুরু হওয়া তদন্ত এখন রাজ্য রাজনীতির পাশাপাশি প্রশাসনিক মহলেও ব্যাপক গুরুত্ব পাচ্ছে। সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সকলের।





