কলকাতা, ১৬ জুনঃ রাজ্যের সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে আগামী ২০ জুন যথাযোগ্য মর্যাদার সঙ্গে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি বিকাশ ভবনের পক্ষ থেকে জারি করা একটি নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তোলা এবং রাজ্যের প্রতি দায়বদ্ধতার বোধ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ে প্রবন্ধ রচনা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করতে হবে। এসব অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের উপস্থিতি বাধ্যতামূলক বলে স্পষ্ট জানানো হয়েছে। পাশাপাশি জেলার বিদ্যালয় পরিদর্শকদের (স্কুল ইন্সপেক্টর) নির্দেশ দেওয়া হয়েছে, আয়োজিত কর্মসূচির সংক্ষিপ্ত প্রতিবেদন ও আলোকচিত্র নির্ধারিত নিয়ম মেনে আগামী ২৫ জুনের মধ্যে শিক্ষা দপ্তরে পাঠাতে হবে।
শুধু স্কুল নয়, এর আগেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়কেও ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকায় বলা হয়েছে, ২০ জুনের অনুষ্ঠান ছাড়াও পরবর্তী দুই থেকে চার সপ্তাহের মধ্যে সেমিনার, সিম্পোজিয়াম এবং আলোচনা সভার আয়োজন করতে হবে। সেখানে পশ্চিমবঙ্গের সৃষ্টি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রাজ্যের সামাজিক-সাংস্কৃতিক বিকাশ নিয়ে আলোচনা করা হবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ১৯৪৭ সালের ২০ জুন আইনসভায় ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, এই উপলক্ষে হুগলির তারকেশ্বরে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে। ঐতিহাসিক গুরুত্বের কারণে তারকেশ্বরকে বেছে নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। শিক্ষা মহলের একাংশের মতে, এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পশ্চিমবঙ্গের ইতিহাস আরও সুসংগঠিতভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।





