হাওড়া, ১৫ জুনঃ হাওড়ার সাঁকরাইলের হাটগাছা অঞ্চলের বাণীপুরের একটি সাধারণ দোতলা বাড়ি হঠাৎ করেই রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কারণ, এই বাড়িটিকেই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-এর সদর দপ্তর হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের একাংশের বিদ্রোহী সাংসদদের সঙ্গে এই দলের নাম জড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগে এই বাড়িতে একটি শিশু নিবাস পরিচালিত হত। সেখানে অসহায় ও দুঃস্থ শিশুদের থাকার ব্যবস্থা ছিল। বিদেশি অনুদানের সাহায্যে প্রতিষ্ঠানটি চললেও প্রায় সাত-আট বছর আগে সেটি বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে এই বাড়িতেই এনসিপিআই-এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে সেখানে কয়েকজন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থেকে বসবাস করেন।
দলীয় সূত্রে জানা যায়, এনসিপিআই-এর সভাপতি শান্তনু দে। একসময় ত্রিপুরায় বসবাস করলেও বর্তমানে তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে থাকেন। দলের প্রতীক ‘কলমের নিব’-এর নকশাও তাঁর তৈরি বলে জানা গিয়েছে। অতীতে ত্রিপুরা বিধানসভা নির্বাচন এবং হাওড়ার হাটগাছা পঞ্চায়েত নির্বাচনে দলটি প্রার্থী দিলেও উল্লেখযোগ্য সাফল্য পায়নি।
সম্প্রতি তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদের সঙ্গে এনসিপিআই-এর নাম জড়িয়ে পড়ার পর দলটি নতুন করে আলোচনায় এসেছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। দলের নেতৃত্ব জানিয়েছে, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা চলছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এতদিন কার্যত অচেনা একটি দল হঠাৎ করেই জাতীয় স্তরে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে এই দল কতটা প্রভাব বিস্তার করতে পারে এবং রাজনৈতিক সমীকরণে কী ভূমিকা নেবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।





