কোচবিহার, ১৫ জুনঃ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সৃষ্টি একাডেমীর বার্ষিক অনুষ্ঠান। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, যোগ ও ব্যায়াম প্রদর্শন-সহ একাধিক আকর্ষণীয় পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ। শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপা চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক বিরাজ বোস-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনার প্রশংসা করেন এবং সাংস্কৃতিক চর্চার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
এদিন একাডেমীর ছাত্রছাত্রীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে নিজেদের প্রতিভার পরিচয় তুলে ধরে। পাশাপাশি যোগ ও ব্যায়ামের মনোমুগ্ধকর প্রদর্শনী দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতী ছাত্রছাত্রী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান।
একাডেমী কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ না থেকে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক ও শারীরিক বিকাশের দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। সেই লক্ষ্যেই প্রতিবছর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকলের সক্রিয় অংশগ্রহণ, উৎসাহ এবং সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় সৃষ্টি একাডেমীর এবারের বার্ষিক অনুষ্ঠান। সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রতিভার সমাহারে অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের মনে বিশেষ ছাপ রেখে যায়।





