কোচবিহার, ১৫ জুনঃ ব্লক লেভেল ট্রেনারদের বিভিন্ন দাবি-দাওয়া ও দীর্ঘদিনের সমস্যার সমাধানের দাবিতে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তর এবং স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিয়োজন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কোচবিহার ব্লক লেভেল ট্রেনারদের এক প্রতিনিধিদল।
জানা গিয়েছে, এদিন প্রতিনিধিদলের পক্ষ থেকে মন্ত্রী মালতি রাভা রায়ের হাতে একটি ডেপুটেশনের কপি তুলে দেওয়া হয়। ওই ডেপুটেশনে ব্লক লেভেল ট্রেনারদের কর্মসংক্রান্ত বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কর্মপরিবেশের উন্নয়ন সংক্রান্ত একাধিক দাবি তুলে ধরা হয়। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলির দ্রুত সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপও দাবি করেন প্রতিনিধিরা।
প্রতিনিধিদলের সদস্যরা জানান, ব্লক স্তরে বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই কারণে তাঁদের ন্যায্য দাবি ও সমস্যাগুলির প্রতি সহানুভূতিশীল মনোভাব নিয়ে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
বৈঠকে মন্ত্রী মনোযোগ সহকারে প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং ডেপুটেশনে উল্লিখিত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বলে প্রতিনিধিদল সূত্রে জানা গিয়েছে।
মন্ত্রীর আশ্বাসে প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করলেও দাবি পূরণের বিষয়ে আগামী দিনে সরকারের পদক্ষেপের দিকেই এখন নজর থাকবে বলে জানিয়েছেন তাঁরা।





