দিনহাটা, ১২ জুনঃ দিনহাটার ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনারায়ণ এলাকায় এক শিশুকন্যার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ খোঁজাখুঁজির শেষে বাড়ির পেছনে থাকা একটি ডোবা থেকে শিশুকন্যার নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃত শিশুর মায়ের দাবি, শিশুটিকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পরিবারের তরফ থেকে শিশুকন্যার কাকিমা রেখা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে শিশুটি নিখোঁজ হওয়ার পরই পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ শুরু করেন। পরে বাড়ির পিছনের ডোবায় দেহ ভেসে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে দিনহাটা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
পুলিশ সুত্রে জানা গেছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। তবে পরিবারের অভিযোগ ও প্রাথমিক পরিস্থিতি খতিয়ে দেখে পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হোক।





