দক্ষিণ ২৪ পরগনা, ১১ জুনঃ ভোট-পরবর্তী সন্ত্রাসের মামলায় গ্রেপ্তার হওয়া ফলতার প্রাক্তন তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে বৃহস্পতিবার পুলিশি হেফাজতে এলাকায় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বারমুডা ও গেঞ্জি পরিহিত অবস্থায় তাঁকে ফলতার বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তা বলয়।
বৃহস্পতিবার দুপুরে ফলতার সহরারহাট এলাকায় জাহাঙ্গির খানকে দেখতে ভিড় জমে যায়। প্রথমে অনেকেই তাঁকে চিনতে পারেননি। পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত জাহাঙ্গির খানকে এভাবে পুলিশি পাহারায় দেখতে পেয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে জাহাঙ্গির খানকে কয়েকটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন অভিযোগ ও মামলার সূত্র ধরে ঘটনাস্থল পরিদর্শন, তথ্য যাচাই এবং তদন্ত সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চালানো হয়। যদিও তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তদন্তকারী আধিকারিকরা।
উল্লেখ্য, ২০২১ সালের ভোট-পরবর্তী সন্ত্রাস সংক্রান্ত একটি মামলায় ডায়মন্ড হারবার এসিজেএম আদালতের নির্দেশে জাহাঙ্গির খান বর্তমানে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৪ জুন পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে রাখা হবে। সেই সময়সীমার মধ্যেই তদন্তের অংশ হিসেবে তাঁকে এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
জাহাঙ্গির খানকে ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক রয়েছে। তাঁর গ্রেপ্তারির পর থেকেই রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবারের ঘটনায়ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
পুলিশের দাবি, তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে। মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ এখনও চলছে। তদন্তের অগ্রগতির উপর নজর রাখছে প্রশাসন।





