কলকাতা, ১১ জুনঃ রাজ্যে নতুন সরকার গঠনের পর বিধানসভার কার্যপ্রণালীতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার পশ্চিমবঙ্গ বিধানসভাকে সম্পূর্ণ পেপারলেস বা কাগজবিহীন করার পরিকল্পনার কথা জানালেন স্পিকার রথীন্দ্র বোস। পাশাপাশি বিপুল সংখ্যক নবনির্বাচিত বিধায়কদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিরও ঘোষণা করেছেন তিনি।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে স্পিকার জানান, বর্তমান বিধানসভায় প্রায় ২০০ জন বিধায়ক প্রথমবার নির্বাচিত হয়ে এসেছেন। তাঁদের আইনসভা পরিচালনা, বিধানসভার নিয়ম-কানুন এবং কার্যপ্রণালী সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাজেট অধিবেশন শেষ হওয়ার পর এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
স্পিকারের কথায়, উত্তরপ্রদেশ ও রাজস্থানের বিধানসভার প্রতিনিধিদের পাশাপাশি লোকসভার স্পিকারও এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন। তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ নতুন বিধায়কদের কাজের ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও বিধানসভাকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন রথীন্দ্র বোস। তিনি জানান, পেপারলেস বিধানসভা চালু হলে সমস্ত নথি ও তথ্য ডিজিটাল মাধ্যমে বিধায়কদের কাছে পৌঁছে যাবে। এর ফলে কাজের গতি বাড়বে, সময় বাঁচবে এবং প্রশাসনিক স্বচ্ছতাও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, গত ১৫ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অষ্টাদশ বিধানসভার স্পিকার নির্বাচিত হন রথীন্দ্র বোস। সেই দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে ভবিষ্যতে বিধানসভার গুরুত্বপূর্ণ অধিবেশন, বিশেষ করে বাজেট অধিবেশন, সরাসরি সম্প্রচার করা হবে। এর ফলে সাধারণ মানুষ বিধায়কদের কার্যকলাপ, সরকারের অবস্থান এবং বিরোধীদের বক্তব্য সরাসরি দেখতে পারবেন।
রাজ্য সরকারের এই উদ্যোগকে বিধানসভাকে আরও আধুনিক, স্বচ্ছ এবং জনমুখী করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। নতুন বিধায়কদের প্রশিক্ষণ এবং ডিজিটাল ব্যবস্থার প্রবর্তন আগামী দিনে আইনসভার কার্যকারিতা আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।





