কলকাতা, ১১ জুনঃ রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় বার্তা দিলেন ফালাকাটার বিধায়ক তথা মন্ত্রী দীপক বর্মণ। বৃহস্পতিবার সল্টলেকের বিকাশ ভবনে স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব গ্রহণ করে তিনি জানান, পড়াশোনা করে চাকরি পাওয়া যায়, মানুষের মধ্যে এই বিশ্বাস ফিরিয়ে আনা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্ক ও নিয়োগ সংক্রান্ত জটিলতার কারণে সাধারণ মানুষের মধ্যে শিক্ষাব্যবস্থা ও চাকরি নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ঘটনাবলীর পর বহু ছাত্রছাত্রী এবং অভিভাবকের মনে সংশয় দেখা দিয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে মানুষের বিশ্বাস পুনর্গঠন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
দীপক বর্মণের কথায়, “অনেকেই এখন আর বিশ্বাস করতে চান না যে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব। সেই ধারণা বদলাতে হবে। শিক্ষার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।” তবে এসএসসি নিয়োগ প্রসঙ্গে সরাসরি মন্তব্য করতে চাননি তিনি। তাঁর বক্তব্য, বিষয়টি আদালতে বিচারাধীন এবং একাধিক মামলা চলায় এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে তিনি আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে সুস্থ সম্পর্ক ও সমন্বয় গড়ে তোলা অত্যন্ত জরুরি। তাই সবার আগে শিক্ষক ও পড়ুয়াদের এক ছাতার তলায় এনে শিক্ষার পরিবেশকে শক্তিশালী করার ওপর জোর দেওয়া হবে।
সিলেবাস পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পাঠ্যক্রম থেকে শুরু করে শিক্ষার প্রতিটি বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই শিক্ষামন্ত্রীর এই বার্তা শিক্ষা মহলে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পরিবর্তন একদিনে সম্ভব নয়। সময় ও ধৈর্যের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে।





