কলকাতা, ২ জুনঃ পুলিশ প্রশাসনের অনুমতি না মিললেও নির্ধারিত কর্মসূচি থেকে পিছিয়ে আসবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী হিংসা, হকার উচ্ছেদ-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচির আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বাধা এলেও তিনি রাস্তায় নেমে আন্দোলন করবেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধরনা কর্মসূচির জন্য প্রায় সাত দিন আগে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। মঞ্চ নির্মাণ ও মাইক ব্যবহারের অনুমতিও চাওয়া হয়। কিন্তু কর্মসূচির আগের দিন পুলিশ জানিয়ে দেয়, ওই স্থানে ধরনা করা যাবে না। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল নেত্রী বলেন, “পুলিশ মঞ্চ করতে না দিলে মঞ্চ করব না, মাইক দিতে না দিলে মাইক ব্যবহার করব না। কিন্তু আন্দোলন বন্ধ হবে না। পুলিশ যেখানে আটকাবে, সেখানেই বসে ধরনা করব।”
তিনি আরও বলেন, “কেউ না এলেও আমি একাই পথে নামব। গ্রেপ্তার করার হলে করুন, মারলে মার খাব। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যাব।”
মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের বিভিন্ন জায়গায় আটকে দেওয়ার পরিকল্পনা করা হতে পারে। সেই কারণেই তিনি সকলকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলায় যদি গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ না দেওয়া হয়, তাহলে দিল্লিতেও আন্দোলনের পথে হাঁটতে পারে তাঁর দল।
অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে রানি রাসমণি অ্যাভিনিউয়ের পরিবর্তে ওয়াই চ্যানেলে নির্দিষ্ট সময়ের জন্য কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তৃণমূলের পক্ষ থেকেও কর্মসূচির স্থান পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তবে আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনা যে আরও বাড়তে চলেছে, তা স্পষ্ট।





