কলকাতা, ১ জুনঃ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে রাস্তায় নামতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ২ জুন রানি রাসমনি অ্যাভিনিউয়ে অবস্থান বিক্ষোভ বা ধরনা কর্মসূচির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সেই কর্মসূচির রূপরেখায় পরিবর্তন আনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
জানা গিয়েছে, অবস্থান বিক্ষোভের পরিবর্তে রানি রাসমনি অ্যাভিনিউ ধরে পদযাত্রা বা মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অন্দরে আলোচনা, ‘রাস্তাই রাস্তা দেখাবে’ এই বার্তাকেই সামনে রেখে তিনি সরাসরি জনসংযোগের পথে হাঁটতে চাইছেন। সূত্রের দাবি, পুলিশ প্রশাসনের অনুমতি না মিললেও আদালতের দ্বারস্থ হওয়ার পক্ষে নন তিনি। বরং সাধারণ নাগরিক হিসেবেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।
সম্প্রতি দলের দুই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় পৃথক ঘটনায় জনরোষের মুখে পড়েছেন। সেই ঘটনার পর দলের নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি রাস্তায় নামা কর্মী-সমর্থকদের মনোবল বাড়ানোর কৌশল হিসেবেও দেখা হচ্ছে।
ভোট-পরবর্তী হিংসা, নির্বাচনে কারচুপির অভিযোগ, তৃণমূল কর্মীদের উপর হামলা এবং তদন্তকারী সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেই সব বিষয়কে সামনে রেখেই মঙ্গলবারের প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
দলীয় সূত্রে খবর, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবনে একাধিক বৈঠক করেছেন। দলকে পুনর্গঠিত করা, কর্মীদের চাঙ্গা রাখা এবং মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। এবার সেই বার্তাকে বাস্তবে রূপ দিতে নিজেই পথে নামতে চলেছেন তৃণমূল নেত্রী।





