শীতলকুচি, ৩০ মেঃ শীতলকুচিতে এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত বিজেপি কর্মীর নাম দীপক বর্মন। বর্তমানে তিনি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ, শুক্রবার রাতে দীপক বর্মন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি পবিত্র বর্মনের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় নগর শোভাগঞ্জ এলাকায় পৌঁছাতেই কয়েকজন দুষ্কৃতী আচমকা তাঁর উপর হামলা চালায়। অভিযোগ, হামলাকারীরা লাঠি নিয়ে তাঁকে বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর জখম হন দীপক বর্মন।
স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। প্রথমে শীতলকুচি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। তবে হামলার পিছনে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক কারণ নাকি অন্য কোনও ব্যক্তিগত বিবাদের জেরে এই হামলা হয়েছে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে শীতলকুচি এলাকায় রাজনৈতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।





