শীতলকুচি, ২৮ মেঃ পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে কোচবিহারের শীতলকুচি জুড়ে অনুষ্ঠিত হলো ঈদের জামাত। বৃহস্পতিবার সকালে এলাকার বিভিন্ন প্রান্তে ঈদের নামাজ আদায় করতে ভিড় জমান ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। তার মধ্যেই সবচেয়ে বেশি নজর কাড়ে রাজার বাড়ি ঈদগাহ ময়দানের জামাত।
সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া ঈদের নামাজে প্রায় ৪০০ থেকে ৪৫০ জন মুসল্লি অংশগ্রহণ করেন। ধনী-গরিব, ছোট-বড় সব শ্রেণি-পেশার মানুষ ভেদাভেদ ভুলে একসঙ্গে কাতারে দাঁড়িয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেন। এদিন নামাজের ইমামতি করেন করিমুল্লা ওয়াজু মিয়া এবং খুতবা পাঠ করেন আবুল কালাম মিয়া।
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র বিশ্বের শান্তি, সম্প্রীতি ও মানুষের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেন। অনেককেই ইমামের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানাতেও দেখা যায়।
ঈদের নামাজ আদায় করতে আসা এনামুল হক বলেন, “খুব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করলাম। আশা করি পরবর্তী সমস্ত অনুষ্ঠানও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”
অন্যদিকে, মসজিদ কমিটির সভাপতি সাহআলম মিয়া এবং সম্পাদক আতোয়ার রহমান জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। পাশাপাশি কোরবানির পর উচ্ছিষ্ট অংশ যথাযথভাবে মাটিতে পুঁতে রাখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তাঁরা। তাঁদের বক্তব্য, পরিবেশ পরিষ্কার রাখা এবং অন্যের অসুবিধা এড়ানো প্রত্যেকের সামাজিক দায়িত্ব।
সব মিলিয়ে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ধর্মীয় আবেগে ভরপুর পরিবেশে শীতলকুচিতে পালিত হলো পবিত্র ঈদুজ্জোহা।





