দিনহাটার, ২৭ মেঃ বুধবার দুপুরে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হল রোগী কল্যাণ সমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং রোগীদের বিভিন্ন সমস্যা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত ব্লক মেডিকেল অফিসার কেশব চন্দ্র রায়, দিনহাটা ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক লামা ওয়াই ওয়াংদী এবং সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায়-সহ অন্যান্য আধিকারিকরা।
সূত্রের খবর, হাসপাতালে চিকিৎসক সংকট, পরিকাঠামোর ঘাটতি, রোগীদের পরিষেবা সংক্রান্ত সমস্যা এবং স্বাস্থ্যকেন্দ্রের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এলাকার সাধারণ মানুষ যাতে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা পান, সেই লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে মতবিনিময় হয়েছে।
বৈঠক শেষে বিধায়ক অজয় রায় জানান, স্বাস্থ্যকেন্দ্রের সমস্যাগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। তিনি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে আশাবাদও প্রকাশ করেন।
অন্যদিকে, ডা. কেশব চন্দ্র রায় বলেন, নতুন বিধায়ক অত্যন্ত মনোযোগ দিয়ে সমস্ত বিষয় শুনেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।





