কোচবিহার, ২৭ মেঃ বিভিন্ন দাবিদাওয়া ও অভিযোগকে সামনে রেখে বুধবার কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়-এ ডেপুটেশন দিল ভারতীয় জনতা তপশিলি মোর্চা। বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক বিষয় ও বিশেষ করে রাজনৈতিক বিজ্ঞান বিভাগে অধ্যাপক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।
বিজেপি তপশিলি মোর্চার অভিযোগ, পলিটিক্যাল সায়েন্স বিভাগে যিনি অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন, তিনি প্রথমে প্রয়োজনীয় এসসি সার্টিফিকেট জমা দেননি। পরে প্রায় সাত মাস পর অন্যত্র থেকে একটি সার্টিফিকেট এনে বিশ্ববিদ্যালয়ে জমা দেন। এই পুরো প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।
সংগঠনের আরও দাবি, ওই ব্যক্তি পূর্বে একটি পরীক্ষায় বাতিল ঘোষিত হয়েছিলেন। তারপরও কীভাবে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন, তা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগপত্রে আরও কয়েকটি প্রশাসনিক ও শিক্ষাব্যবস্থা সংক্রান্ত বিষয়ও তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত ও উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন বিজেপি তপশিলি মোর্চার নেতৃত্ব।
ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে কিছুক্ষণ উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।





