কলকাতা, ২৭ মেঃ ভোট পরবর্তী হিংসা মামলায় বড়সড় পদক্ষেপ করল সিবিআই। বুধবার শেখ শাহজাহান-ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর সন্দেশখালির ন্যাজোট এলাকায় তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় তদন্ত করতে গিয়েই এই গ্রেপ্তারি বলে সূত্রের খবর।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ উঠে আসে। সেই তথ্য খতিয়ে দেখেই গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর সন্দেশখালির ন্যাজোট এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, পতাকা খোলাকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা পরে ভয়াবহ আকার নেয়। সেই সময় বিজেপির তিন কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় নাম জড়ায় শেখ শাহজাহান-সহ একাধিক ব্যক্তির।
প্রথমে ঘটনার তদন্ত শুরু করেছিল সিআইডি। তবে পরে সিআইডির চার্জশিটে শেখ শাহজাহান-সহ ২৮ জনের নাম বাদ পড়ায় প্রশ্ন ওঠে। এরপর মৃতদের পরিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই তদন্তের দাবি জানায়। আদালতের নির্দেশে নতুন করে তদন্ত শুরু করে সিবিআই।
এই গ্রেপ্তারির ঘটনায় রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীদের মতে, আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।





