কলকাতা, ২৭ মেঃ টলিউড পরিচালক অনীক দত্ত-র আকস্মিক মৃত্যুর ঘটনায় নতুন মোড়। বুধবার দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আর তারপর থেকেই মৃত্যু ঘিরে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে।
প্রথমে জানা গিয়েছিল, চারতলার ছাদ থেকে পড়ে গিয়েছিলেন পরিচালক। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরপরই পরিচালকের বাড়ি থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, ওই চিঠিতে লেখা রয়েছে “এই ঘটনার জন্য কেউ দায়ী নয়।” যদিও ওই হাতের লেখা আদৌ পরিচালকের কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার তদন্তে নেমেছে গড়িয়াহাট থানার পুলিশ ও হোমিসাইড শাখা। পরিচালকের দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তকারীরা আত্মহত্যার দিকটি খতিয়ে দেখলেও, মৃত্যুর আসল কারণ জানতে সমস্ত দিক খোলা রাখা হয়েছে।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অনীক দত্ত। ফুসফুস ও স্নায়ুর সমস্যার পাশাপাশি অবসাদেও আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে।
হাসপাতালে পৌঁছেছেন সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, আবির চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সকলেই এই ঘটনাকে বাংলা চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন। ‘ভূতের ভবিষ্যৎ’ ও ‘অপরাজিত’-এর মতো ছবির মাধ্যমে বাংলা সিনেমায় নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছিলেন অনীক দত্ত।





