শিলিগুড়ি, ২৬ মেঃ শিলিগুড়ি পৌরনিগমের রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার পরিষদীয় দলের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দু’ থেকে তিন দিনের মধ্যেই তিনি ডেপুটি মেয়রের পদ থেকেও ইস্তফা দিতে পারেন। যদিও আপাতত কাউন্সিলর পদ ছাড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পদত্যাগের ঘটনায় শিলিগুড়ি পুরনিগমের অন্দরে নতুন সমীকরণ তৈরি হতে পারে।
এদিকে সূত্রের খবর, ডেপুটি মেয়রের পদ থেকে সরে দাঁড়ানোর পর সাংবাদিক বৈঠকও করতে পারেন রঞ্জন সরকার। সেখানে তিনি নিজের অবস্থান স্পষ্ট করতে পারেন বলে অনুমান রাজনৈতিক পর্যবেক্ষকদের। তবে এখনও পর্যন্ত তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। সংবাদমাধ্যমের প্রশ্নেরও স্পষ্ট উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি।
ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দলীয় অভ্যন্তরীণ মতবিরোধ, প্রশাসনিক কাজকর্মে অসন্তোষ নাকি অন্য কোনও রাজনৈতিক কারণ তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ফলে রঞ্জন সরকারের পরবর্তী পদক্ষেপ এখন শিলিগুড়ির রাজনৈতিক মহলের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে। আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।





