মাথাভাঙ্গা, ২৫ মেঃ আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙ্গার ভিতরাবন এলাকা। কাটমানির টাকা ফেরতের দাবিতে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন বহু আবাস উপভোক্তা। সোমবার সকালে ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ৫০ থেকে ৬০ জন গ্রামবাসী ও আবাস যোজনার উপভোক্তা প্ল্যাকার্ড হাতে অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন। তাঁদের অভিযোগ, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকার বাসিন্দা শহিদুল মিয়া বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন।
অভিযোগের মুখে থাকা সাহেদুল মিয়া পেশায় মাথাভাঙ্গা থানার সিভিক ভলেন্টিয়ার। তবে স্থানীয়দের দাবি, তিনি এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবেও পরিচিত ছিলেন। অভিযোগ, নির্বাচনের আগে আবাস যোজনার তালিকায় নাম তোলার আশ্বাস দিয়ে কারও কাছ থেকে ৫ হাজার, কারও কাছ থেকে ১০ হাজার, আবার কারও কাছ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। গ্রামবাসীদের দাবি, এভাবে মোট প্রায় ৮ লক্ষ টাকা তোলা হয়েছিল।
বিক্ষোভকারীদের বক্তব্য, দীর্ঘদিন ভয়ের পরিবেশ থাকায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি। কিন্তু রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলের পর তাঁরা একজোট হয়ে কাটমানির টাকা ফেরতের দাবিতে সরব হয়েছেন।
সোমবার বিক্ষোভের সময় অভিযুক্ত শহিদুল মিয়া বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। তাঁর এক আত্মীয় জানান, পুরো বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। তবে শহিদুলের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে খোঁজ নেওয়া হবে।
স্থানীয়দের আরও অভিযোগ, শুধু আবাস যোজনাই নয়, বিভিন্ন সরকারি সুযোগ পাইয়ে দেওয়ার নাম করেও সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা হত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবিও তুলেছেন বিক্ষোভকারীরা।





