কোচবিহার, ২৫ মেঃ কোচবিহারের গুড়িয়াহাটি ২ নম্বর অঞ্চল অফিসের সামনে আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার এলাকার বহু মানুষ অঞ্চল অফিসের সামনে জড়ো হয়ে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন। তাঁদের দাবি, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হয়েছে।
অভিযোগ, যাদের নামে আবাস যোজনার টাকা বরাদ্দ হয়েছিল, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পরই সেই টাকা থেকে ১০ হাজার, ১৫ হাজার, এমনকি ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। কারও কাছ থেকে আবার ২ হাজার টাকাও নেওয়ার অভিযোগ উঠেছে। বাসিন্দাদের দাবি, ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই এই টাকা আদায় করা হয়েছে
এদিন বিক্ষোভে অংশ নেওয়া এক বাসিন্দা অভিযোগ করে বলেন, তাঁর নাম আবাস যোজনার তালিকায় ছিল। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করায় পরে তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বর্তমানে ওই অঞ্চলে তৃণমূল পরিচালিত বোর্ড রয়েছে। যদিও অভিযোগের বিষয়ে অঞ্চল প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন সুইচ অফ পাওয়া যায় বলে দাবি স্থানীয়দের। বিক্ষোভকারীদের বক্তব্য, যারা এই টাকা নিয়েছে তাদের সুদ-সহ সমস্ত টাকা ফেরত দিতে হবে। অন্যথায় তাঁরা প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অঞ্চল সচিবের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বাসিন্দারা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলসহ গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসন বিষয়টি নিয়ে কী পদক্ষেপ করে এখন সেদিকেই নজর সকলের।




