কোচবিহার, ২৪ মে: কোচবিহার শহরের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপির উদ্যোগে রবিবার আয়োজিত হলো ব্যতিক্রমী “মাছ-ভাত উৎসব”। প্রায় ৩০০ জন মানুষের জন্য এই বিশেষ ভোজের আয়োজন করা হয়। মেনুতে ছিল ভাত, ডাল, মাছ ও মিষ্টি। উৎসব ঘিরে এলাকায় উৎসাহ দেখা যায় সাধারণ মানুষের মধ্যেও।
বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের আগে বিরোধীদের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। সেই ধারণা ভাঙতেই এই মাছ-ভাত উৎসবের আয়োজন করা হয়েছে। নেতৃত্বের বক্তব্য, “মাছে-ভাতে বাঙালির সংস্কৃতির সঙ্গে বিজেপির কোনও বিরোধ নেই। সাধারণ মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করার প্রশ্নই ওঠে না।”
স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষও এদিনের অনুষ্ঠানে অংশ নেন। রাজনৈতিক বার্তার পাশাপাশি বাঙালির খাদ্যসংস্কৃতিকে সামনে রেখেই এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব।





