কোচবিহার, ২৪ মে : আগামী ২৫ মে স্যার আশুতোষ মুখোপাধ্যায়-এর প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর মূর্তি পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নিলেন ‘বাইক অক্সিজেন ম্যান’ নামে পরিচিত শংকর রায়। প্রয়াণ দিবসের একদিন আগে নিজস্ব উদ্যোগ ও ব্যক্তিগত খরচে তিনি মূর্তিটি জল, শ্যাম্পু ও রং-তুলির মাধ্যমে পরিষ্কার ও সংস্কার করেন।
শুধু মূর্তি পরিষ্কারই নয়, আশপাশের এলাকা থেকে প্লাস্টিকের আবর্জনা ও নোংরাও পরিষ্কার করেন তিনি। এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আস্থা ফাউন্ডেশনের সদস্য পিংকাই সোম।
শংকর রায় জানান, প্রতি বছরই তিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন ও প্রয়াণ দিবস উপলক্ষে এই ধরনের সামাজিক উদ্যোগ নিয়ে থাকেন। আগামীকাল আস্থা ফাউন্ডেশন ও অক্সিজেন ম্যানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় প্রয়াণ দিবস পালন করা হবে বলে জানানো হয়েছে।





