শীতলকুচি, ২৩ মেঃ সরকারি সাহায্যের দীর্ঘ অপেক্ষা আর প্রতিদিনের দুর্ভোগকে সঙ্গী করেই দিন কাটছিল শীতলকুচি ও সিতাই এলাকার হাজার হাজার মানুষের। অবশেষে প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে নিজেদের উদ্যোগেই সমস্যার সমাধানে এগিয়ে এলেন গ্রামবাসীরা। ভাঙা ব্রিজের বিকল্প হিসেবে গ্রামের মানুষ একজোট হয়ে তৈরি করলেন বাঁশের সাঁকো। আর সেই সাঁকো উদ্বোধন ঘিরে আবেগে ভাসল গোটা এলাকা।
গত ৩০ জানুয়ারি সকালে একটি পণ্যবোঝাই লরি ব্রিজের উপর উঠতেই আচমকা ভেঙে পড়ে গুরুত্বপূর্ণ ওই সেতু। এই ব্রিজটি শীতলকুচি ও সিতাই এলাকার অন্যতম প্রধান সংযোগ রাস্তা ছিল। সেতু ভেঙে যাওয়ার ফলে স্কুল-কলেজ পড়ুয়া, ব্যবসায়ী, রোগী থেকে সাধারণ মানুষ সকলকেই চরম সমস্যার মুখে পড়তে হয়।
প্রথমদিকে প্রশাসনের পক্ষ থেকে একটি বিকল্প রাস্তার ব্যবস্থা করা হলেও নদীর জলস্তর বাড়তেই সেটিও ভেঙে যায়। এরপর বাধ্য হয়ে নৌকায় টাকা খরচ করে পারাপার করতে হচ্ছিল এলাকাবাসীকে। প্রতিদিনের এই ভোগান্তিতে ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত নিজেরাই উদ্যোগ নেন গ্রামের মানুষ।
স্থানীয় ব্যবসায়ী শফিকুল মিয়া-র উদ্যোগে এলাকার মানুষ একত্রিত হয়ে বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু করেন। কেউ বাঁশ দিয়েছেন, কেউ শ্রম, আবার কেউ শ্রমিকদের খাবারের ব্যবস্থা করেছেন। কয়েকদিনের টানা পরিশ্রমে অবশেষে তৈরি হয় নতুন এই সাঁকো।
সাঁকোর উদ্বোধনের দিন এলাকায় ছিল উৎসবের আবহ। শিশু থেকে বৃদ্ধ, মা-বোন সকলেই উপস্থিত ছিলেন সেই মুহূর্তের সাক্ষী হতে। অনেকের চোখে ছিল আনন্দের জল। গ্রামবাসীদের কথায়, “এই সাঁকো শুধু যাতায়াতের পথ নয়, এটি আমাদের ঐক্য ও একসঙ্গে লড়াই করার প্রতীক।”
তবে এলাকাবাসীর দাবি, বর্ষার আগেই দ্রুত স্থায়ী পাকা ব্রিজ ও বিকল্প রাস্তার নির্মাণে প্রশাসন যেন উদ্যোগী হয়।





