দিনহাটা, ২৩ মেঃ দিনহাটা মহকুমায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে শাকদল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবরঞ্জন বর্মন-কে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানা-র পুলিশ। শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
শনিবার সকাল প্রায় দশটা নাগাদ পুলিশ আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর সাহেবগঞ্জ থানার পুলিশ শুক্রবার রাতে অভিযান চালায়। সেই অভিযানে দিনহাটা বিধানসভার শাকদল গ্রাম পঞ্চায়েত এলাকার উপপ্রধান ভবরঞ্জন বর্মনকে আটক করা হয়।
যদিও গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়নি, তবুও পুলিশ দাবি করেছে যে অস্ত্র উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্তকারী আধিকারিকদের অনুমান, ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে। সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃত উপপ্রধান একাধিক গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন। যদিও তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানাতে চাননি তদন্তকারীরা। তবে ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে, বিরোধী রাজনৈতিক মহল এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ শুরু করেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পঞ্চায়েত কর্তৃপক্ষ বা দলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, শনিবার ধৃত উপপ্রধানকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী তদন্ত প্রক্রিয়া চালানো হবে বলে জানানো হয়েছে।





