কলকাতা, ২১ মেঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিতর্কিত মন্তব্য ঘিরে এবার কড়া পর্যবেক্ষণ করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের বক্তব্যকে “দায়িত্বজ্ঞানহীন” বলে মন্তব্য করেন। যদিও আপাতত ৩০ জুলাই পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছে, তবে আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না তিনি।
ঘটনার সূত্রপাত ২৭ এপ্রিল, আরামবাগে ভোটপ্রচারের সভা থেকে। সেখানে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে নিশানা করে অভিষেক বলেছিলেন, “৪ মে ১২টার পর দেখব দিল্লির কোন বাবা বাঁচায়।” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়। পরে ওই মন্তব্যের জেরে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
শুধু আরামবাগ নয়, নির্বাচনী প্রচারের সময় আরও একাধিক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়ান অভিষেক। ফলতার এক সভায় তিনি বলেন, “ভোটের ফল প্রকাশের পর অনেকের হার্ট ফেল হবে।” সেই মন্তব্যও রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় তোলে।
এফআইআরের পর রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, একজন তিনবারের সাংসদ এবং উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব কীভাবে এমন মন্তব্য করতে পারেন। তিনি আরও বলেন, “৪ মে যদি ভোটের ফল অন্যরকম হত, তাহলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত।”
অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে যুক্তি দেন, রাজনৈতিক মঞ্চে অনেক নেতাই এ ধরনের মন্তব্য করেন। তবে আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলেই ইঙ্গিত মিলেছে।





