কলকাতা, ২১ মেঃ রাজ্যের সমস্ত সরকারি, সরকারপোষিত ও স্বীকৃত মাদ্রাসায় এবার সকালবেলার প্রার্থনা সভায় বাধ্যতামূলকভাবে গাইতে হবে ‘বন্দে মাতরম’। মাদ্রাসা শিক্ষাদপ্তরের তরফে সম্প্রতি এই মর্মে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগেই রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। গত বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী সোমবার থেকেই সমস্ত স্কুলে এই রাষ্ট্রগীত গাওয়া বাধ্যতামূলক করা হবে। এরপর শিক্ষাদপ্তরের তরফে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং রাজ্যের বিভিন্ন স্কুলে তা কার্যকরও হয়।
এবার সেই সিদ্ধান্তই কার্যকর করা হল মাদ্রাসাগুলিতেও। নতুন নির্দেশিকায় পুরনো সমস্ত সিদ্ধান্ত বাতিল করে দ্রুত এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এখন থেকে মাদ্রাসার প্রার্থনা সভাতেও ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক হবে।
তবে এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক শুরু হয়েছে। একাংশের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে এক ও অভিন্ন নিয়ম চালু করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধীদের একাংশের দাবি, এই সিদ্ধান্তের মাধ্যমে নির্দিষ্ট ভাবধারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
যদিও বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “বিকৃত ইতিহাস বদলের এটাই সঠিক সময়।” বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেন্দ্রের তরফে আগেই এই বিষয়ে নির্দেশ থাকলেও পূর্ববর্তী সরকার তা কার্যকর করতে দেয়নি। বিজেপির বক্তব্য, এই সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সমান নীতি প্রয়োগের বার্তা দিচ্ছে।






